ফের সার্কের টেলিকম জোটের নেতৃত্বে বাংলাদেশ
২০১৭ সালের পর আবারও দক্ষিণ এশিয়ার দেশগুলোর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার জোট এসএটিআরসির ২২তম আন্তর্জাতিক সম্মেলনের চেয়ারম্যান এবং সার্ক এর টেলিযোগাযোগ বিষয়ক নীতি নির্ধারণ, নিয়ন্ত্রণ ও সেবা বিষয় ওয়ার্কিং গ্রুপেরও ভাইস-চেয়ারম্যান মনোনীত হয়েছে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এর ফলে আগামী এসএটিআরসি-২৩ সম্মেলনে নেতৃত্ব দেবেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।
কাউন্সিলভুক্ত দেশগুলোর মধ্যে ডিজিটাল রূপান্তরে টেলিযোগাযোগ খাতে প্রভূত উন্নয়নে অবদান রাখায় নিয়ন্ত্রকসংস্থা বিটিআরসি’র মাধ্যমে এই স্বীকৃতি পেলো বাংলাদেশ।
বুধবার (৩ নভেম্বর) শেষ হওয়া এসএটিআরসি ভুক্ত ৯টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত তিন দিনের ভার্চুয়াল সভা শেষে এই মনোনয়ন দেয়া হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) উপ-পরিচালক জাকির হোসেন খান জানিয়েছেন, এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি (APT) এর তত্ত্বাবধানে দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিল (SATRC) এর ২২তম সভা ১-৩ নভেম্বর, ২০২১ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় SATRC-ভুক্ত ৯টি দেশ যথাক্রমে-বাংলাদেশ, ভুটান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, ইরান-এর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার প্রধানগণ, বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং APT-এর সেক্রেটারি জেনারেল ও উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সভার বিভিন্ন সেশনে বাংলাদেশের পক্ষে বিটিআরসি'র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার-এর নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার SATRC Action Plan Phase VII, ২০২১-২০২৩ মেয়াদের জন্য APT'র Strategic Plan এবং ২০২২-২৩ বর্ষের জন্য গৃহীত SATRC Action Plan Phase VIII বিষয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ও Regulators’ Roundtable-এ নীতিনির্ধারণী বক্তব্য প্রদান করেন।
কাউন্সিল এর দ্বিতীয় দিন SATRC এর ভবিষ্যত কার্যক্রম নির্ধারণে অনুষ্ঠিত Head of Regulators' Meeting-এ আগামী ২০২৩ সালের South Asian Telecommunication Regulators' Council (SATRC-23) সভা বাংলাদেশে অনুষ্ঠিত হওয়াসহ বিটিআরসি'র চেয়ারম্যান জনাব শ্যাম সুন্দর সিকদার-কে বর্তমান মেয়োদে SATRC-এর ভাইস-চেয়ারম্যান এবং ২০২৩ মেয়াদে SATRC এর চেয়ারম্যান নির্বাচিত করা হয়।